নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত

নর্থ সাউথ সোসাইটির চলমান আবাসন প্রকল্প দ্রুততম সময়ে হস্তান্তরের লক্ষ্যে বর্তমান ‘বোর্ড অব গভর্ন্যান্স’ (বিওজি)-এর ওপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন সদস্যরা। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বর্তমান পর্ষদকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার ম্যান্ডেট দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সোসাইটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬৪ জন সদস্য অংশগ্রহণ করেন। এর ভেতর কয়েকজন সদস্য জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা আনতে বিদ্যমান ‘প্রকল্প বাস্তবায়ন কমিট ‘বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি জমির পরিমাণ, বর্তমান অবস্থা ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে সাত সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ম্যান্ডেটের শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে নির্বাচিত নতুন পর্ষদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এ ছাড়া সভায় ‘ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে পরিচালিত একটি পক্ষের কার্যক্রমকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেন সদস্যরা। জানানো হয়, ওই মহলের ডাকা সভা ও নির্বাচন কমিশনের ওপর আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আইনগত দিক থেকে বিদ্যমান পর্ষদই একমাত্র বৈধ কমিটি।
সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সদস্যদের প্রতি আহ্বান জানান।
source: The Daily Campus