মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যস্থতায় সহায়তার প্রস্তাব দিলো চীন

ভারতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে বেইজিংয়ের এই অবস্থান তুলে ধরে তিনি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকসের অন্য সদস্য দেশগুলোকে সাথে নিয়ে কাজ করতে চায় চীন।
সম্মেলনে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত সংঘাত ওই এলাকার সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক স্বার্থ ও নিরাপত্তার জন্য বড় হুমকি।তাই বৈশ্বিক স্থায়িত্ব ফেরাতে সংঘাত বন্ধ করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তিনি। এর আগে জুন মাসে পাকিস্তান ও কাতারের উদ্যোগে একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা চালালেও চুক্তি লঙ্ঘনের কারণে ফের সংঘাত শুরু হয়েছিল।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় না থাকলেও আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতির স্বার্থেই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা চীনের জন্য অত্যন্ত জরুরি।কারণ বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে বেইজিংয়ের নিজস্ব জ্বালানি নিরাপত্তা এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর সরাসরি নির্ভরশীল।
source: Azadir Dak