News

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ইরানের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির সব ধরনের পণ্য ও সামগ্রী ইয়েমেনে প্রবেশ এবং বাজারে বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সশস্ত্র হুতি গোষ্ঠীকে ইরানের সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ এবং ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের তীব্র সংঘাতের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানের সব পণ্য আমদানি ও বিক্রির ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। রোববার (১৩ সেপ্টেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে নিষেধাজ্ঞার এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করে। কমিটি জানিয়েছে, ‘জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রয়োজনীয়তার’ কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিজ নিজ এখতিয়ার অনুযায়ী এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে এসব পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। কোন কোন ইরানি পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো। ইয়েমেন সরকার অভিযোগ করে আসছে, ইরান হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৪ সালে রাজধানী সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা। গোষ্ঠীটি ইরানের সমর্থনপুষ্ট। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে দীর্ঘ সময় তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে সৌদি জোটের হামলার পর গত জুলাই থেকে আবারও সংঘাত তীব্র হয়েছে।

শু/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button