News

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার

পঞ্চগড়ে ১৩ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন পঞ্চগড় সদর উপজেলার ঝেচুপাড়া এলাকার সুয়েল ওরফে সোহেল (২৫) এবং তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)। রোববার তাদের গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, বিষপানের পর ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা ধর্ষণের অভিযোগের বিষয়টি জানতে পারেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক আশীষ কুমার জানান, ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে রোববার মামলা করেন ওই স্কুলশিক্ষার্থীর ভাই। মামলার অপর আসামি একই উপজেলার পূর্ববাগান রাজমহলের আবু সাঈদ।

এজাহারে বলা হয়, সোহেল ও ওই স্কুলশিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোহেল ইজিবাইকে করে মেয়েটিকে রাজমহল-পূর্ববাগান এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন সোহেল। পরে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে রাত ২টার দিকে মেয়েটিকে আরেকটি ইজিবাইকে তুলে দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, এ ঘটনার পর শনিবার মেয়েটি বিষপান করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

আরএমও রেজওয়ানুল্লাহ বলেন, ‘মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

পুলিশ পরিদর্শক আশীষ কুমার বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button