News

আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুদক ন্যূনতম মানদণ্ডও অনুসরণ করেনি—বলে মন্তব্য  করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুদক ন্যূনতম মানদণ্ডও অনুসরণ করেনি। দেশের একটি এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কীভাবে এতটা মানহীনভাবে কাজ করতে পারে, তা সত্যিই আমার মাথায় ঢুকছে না।’

তিনি আরো লেখেন, ‘আসিফ যদি সত্যিই কোনো দুর্নীতি করে থাকেন, তাহলে অবশ্যই তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এটাই আমরা সবাই চাই। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই দুদক যেভাবে আসিফের বিরুদ্ধে এক ধরনের মিডিয়া ট্রায়ালের সুযোগ তৈরি করে দিয়েছে, তা দুদকের দায়িত্বশীলতা ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অভিযোগ আর অভিযোগ প্রমাণিত হওয়া, এই দুটির মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে, দুদক যেন সেটিই ভুলে গেছে। একজন ব্যক্তি অভিযুক্ত হলেই তিনি দোষী হয়ে যান না; দোষ প্রমাণের জন্য যথাযথ তদন্ত, প্রমাণ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।’

দুদকের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে জুলাইয়ের বিপক্ষে থাকা শক্তিগুলো— দাবি করে তিনি আরো লেখেন, ‘দুদকের এই দুর্বলতা ও দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে জুলাইয়ের বিপক্ষে থাকা শক্তিগুলো। তাই দোষী সাব্যস্ত হওয়ার আগেই কাউকে দোষী বানিয়ে ফেলার এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের যথাযথ তদন্ত হোক, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হোক এবং একই মানদণ্ড সবার ক্ষেত্রে প্রয়োগ করা হোক।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button