News

ক্রস ফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রস ফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে। ৬০ লাখের বেশি বিএনপির নেতার নামে গায়েবি মামলা দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে ২০ দিনে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এতসব সত্ত্বেও আওয়ামী লীগের কোনো অনুতাপ নেই। গতকাল বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মতাদর্শিক অবস্থান থেকে বিএনপি কোন ধরনের দল তার একটি ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্মহীনতা ও ধর্মব্যবসা দুটোর বিরুদ্ধেই কথা বলে। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখানে অনেক মুসলিম সমাজের আইনজীবী, হিন্দু সমাজের আইনজীবী, কেউ কেউ খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় কিন্তু মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু নয়। তখন আপনি কালো কোটপরা একজন আইনজীবী।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচারব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, অনলাইন জুয়া, অনলাইনের মাধ্যমে সংঘটিত পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে। মানব পাচারের সংজ্ঞা আরো বাস্তবসম্মত ও কার্যকর করা হয়েছে, যাতে এর বিস্তৃত পরিসরের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়।

মাদক অপরাধ মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশোধিত আইন মাদকসংক্রান্ত অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়, আইনপ্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, ইউএনওডিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button