লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়া মিলবে পুরস্কার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতাকে কোনো আইনি জটিলতায় না ফেলে সরকারি নিয়মে পুরস্কৃত করার কথাও জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি ফোর্সেস সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও এসআরবির যৌথ অভিযানে ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হলেও, খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাকি অস্ত্রগুলো উদ্ধারে জনগণের সহায়তা প্রয়োজন। যারা পরিস্থিতির শিকার হয়ে বা ভুলবশত থানা থেকে অস্ত্র নিয়ে গেছেন কিন্তু আইনি জটিলতার ভয়ে জমা দিতে পারছেন না, তাদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে এসআরবি।
এসআরবির এই কর্মকর্তা বলেন, এমনও হতে পারে, কেউ কোনো ঘটনার সময় থানায় থাকা অস্ত্র নিয়ে চলে গেছেন। তার হয়ত কোনো দুরভিসন্ধি নেই। পরিস্থিতির কারণে বা তাৎক্ষণিকভাবে অস্ত্র নিয়ে যাওয়ার পর এখন তিনি কী করবেন বুঝতে পারছেন না। কাউকে জানাতেও ভয় পাচ্ছেন, কারণ আইনি প্রক্রিয়ার বিষয়টি সামনে আসে। এই সমস্যার সমাধানের জন্যই তথ্য দেওয়ার এই উদ্যোগ।
ইন্তেখাব চৌধুরী বলেন, আপনারা অস্ত্রগুলো যেকোনো একটি জায়গায় রেখে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। ওই জায়গায় দুটি পিস্তল, একটি রাইফেল, ১০টি ম্যাগাজিন বা গুলি আছে, এতটুকু তথ্যই আমাদের জন্য যথেষ্ট। আমরা গিয়ে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসব। যে তথ্য দিচ্ছেন, তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে এবং কোনো আইনি কনসিকুয়েন্স ফেস করতে হবে না।
এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অপরাধপ্রবণতা কমিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। এক রাতের মধ্যে পরিস্থিতির পুরো পরিবর্তন সম্ভব নয়। তবে মোহাম্মদপুরসহ যেসব এলাকায় অপরাধপ্রবণতা বেশি, সেখানে এসআরবির সদস্য সংখ্যা, গোয়েন্দা তৎপরতা এবং সাইবার নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে খুব শিগ্গিরই এসব এলাকা থেকে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
source: Asia Post