সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার মধ্যেই রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কতা জারির পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রিয়াদসহ সৌদি আরবের কয়েকটি অঞ্চলে সতর্কবার্তা পাঠায় দেশটির সিভিল ডিফেন্স। এরপর রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান রয়টার্স ও এএফপির সাংবাদিকরা।
পরে কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে। একই সঙ্গে বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। বিবিসি বলছে, জুলাইয়ে হুতি গোষ্ঠীর হামলা বাড়ানোর পাশাপাশি সৌদি জাহাজের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করার পর রিয়াদে এবারই প্রথম বিমান হামলার সতর্কতা জারি হলো।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ছাড়াও প্রায় ৩০ মিনিটের ব্যবধানে সৌদি সিভিল ডিফেন্স সাতটি শহর ও প্রদেশে ধারাবাহিক সতর্কতা জারি করে এবং পরবর্তীতে জানায় যে বিপদ কেটে গেছে। এর মধ্যে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান এবং আবহা-এই এলাকাগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছিল।
তবে রিয়াদে বিস্ফোরণ নির্দিষ্টভাবে কোথায়, কীভাবে ঘটেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
source: Barta Bazar