News

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

গণভোটের রায় নিশ্চিত করা এবং দেশকে দুর্নীতি ও আধিপত্যবাদমুক্ত করার দাবিতে ঢাকা-রংপুর লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে রওনা হয় লং মার্চের বহর। পথিমধ্যে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় শরিক দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেন, এই আন্দোলন দলীয় কোনো স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দোলন সফল করতে আপামর জনতার প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর সংস্কারের দাবি জানান। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম গণভোটের রায় না মানায় সরকারের সমালোচনা করেন এবং অবিলম্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি জানান।

সকালে ঢাকা থেকে যাত্রা শুরুর পর তেজগাঁও, মহাখালী, উত্তরা ও টঙ্গীসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা লং মার্চের বহরকে স্বাগত জানান। গাজীপুরের পথসভা শেষে নেতাদের নেতৃত্বাধীন বহরটি রংপুরের পূর্বনির্ধারিত গন্তব্যের উদ্দেশে এগিয়ে যায়।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button