এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কার্যকর ২০২৮ সালের শুরুতে

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা (এসআরবি ভাতা) পুনর্নির্ধারণ করেছে সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন হারে এ ভাতা কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের গেজেটটি প্রকাশ করা হয়েছে বুধবার (২৩ সেপ্টেম্বর)।
গেজেট অনুযায়ী, এসআরবির মহা-পরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহা-পরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬০০ টাকা।
সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা। সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক পদে ভাতা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা।
এছাড়া সার্জেন্ট, এসআই ও উপ-সহকারী প্রকৌশলী পদে ৭ হাজার ২০০ টাকা, ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে।
নায়েক পদে ৩ হাজার ৮৮০ টাকা, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা, কনস্টেবল ও কুক কনস্টেবল পদে ৩ হাজার ৯৬০ টাকা এবং টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে ৩ হাজার ৮৪০ টাকা বিশেষ ভাতা পাবেন।
এছাড়া এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।
এতে বলা হয়েছে, নতুন ভাতার হার ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে। এর আগ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী কর্মরতরা বিশেষ ভাতা পাবেন।
প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবি বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রতিরক্ষা সার্ভিস ভাতা প্রযোজ্য ক্ষেত্রে পাবেন না বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
source: Barta Bazar