News

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।© সংগৃহীত
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন।

নারীদের জন্য গণপরিবহনকে আরও নিরাপদ করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এই সেবার কথা তুলে ধরেন।

বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ যেমন— দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলার লক্ষ্যে ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বর্ণনা দিয়ে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

সংঘাতের শিকার নারীদের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় গৃহীত নানামুখী সহায়তার কথা তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার করে ডিজিটাল হুমকি— যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button