News

এমপির মোবাইল নম্বর হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা দাবি

ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচিতজনদের কাছে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করেছে প্রতারক চক্র।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে তার পরিচয়ে খুদেবার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে কয়েকজন জাকির হোসেনকে জানালে নম্বর ক্লোনের ঘটনা প্রকাশ্যে আসে।

পরে সবাইকে সতর্ক করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সংসদ সদস্য। একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

জানা গেছে, গতকাল সকালে এমপির অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো শুরু করে। সেখানে এমপির পরিচয় ব্যবহার করে টাকা দাবি করা হয়। তবে যাদের কাছে এসব বার্তা পাঠানো হয়েছে, তাদের কয়েকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। তারা টাকা না দিয়ে এমপির সঙ্গে যোগাযোগ করেন।

পরিচিত কয়েকজনের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হন জাকির হোসেন বাবলু। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দিয়ে সবাইকে ওই নম্বর থেকে আসা কোনো বার্তায় সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন তাকে টাকা চাওয়ার বিষয়টি জানান। এরপর নম্বর ক্লোনের বিষয়টি তিনি জানতে পারেন। তিনি বলেন, নম্বরটি প্রতারকদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button