News

আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে নেপাল

এক মাসের ব্যবধানে আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে নেপাল। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষত এখনো তাজা, তার মাঝেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটানা ভারী বর্ষণে দেশটির পরিস্থিতি ফের সংকটজনক হয়ে উঠেছে। নতুন করে দেখা দিয়েছে প্লাবন ও ধস। গৃহহীন হয়েছেন বহু মানুষ। বন্ধ হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক।

মাত্র মাসখানেক আগেই নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক হড়পা বানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছিল, যার পর থেকে এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রূপন্দেহী জেলার তিনাউ নদী বিপৎসীমা অতিক্রম করায় বুটওয়াল এলাকায় নদী তীরবর্তী ছ’টি বাড়ি পুরোপুরি ভেসে যায়। সেখান থেকে দ্রুত প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

একই সঙ্গে চিতবন জেলায় নারায়ণ ও রিইউ নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধসের কারণে চিতবন, মুগু ও কালিকোট অঞ্চলের বেশ কয়েকটি মহাসড়ক এবং সংযোগকারী পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।

কার্নালী প্রদেশের নদীগুলোতেও জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ছে। নওয়ালপরাসী পশ্চিম এবং সপ্তরী জেলায় ইতোমধ্যে চার শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নেপাল প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ও নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button