ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান

ইরানকে নতজানু করার ব্যর্থ চিন্তা যুক্তরাষ্ট্রকে চিরতরে মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সামরিক চাপ ও সংঘাতের আবহের মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে শর্তহীন ও মর্যাদাপূর্ণ সংলাপের পথ খোলা রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির উদ্যোক্তা ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, “আমরা মর্যাদা ও আত্মসম্মানের সঙ্গে আমাদের জনগণের অধিকার রক্ষা করি। ইরান কখনো কূটনৈতিক সংলাপ থেকে পালিয়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।” মার্কিন প্রশাসনের চুক্তি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট চুক্তিতে স্বাক্ষর করার পরও তিন-তিনবার ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে।
মূলত চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন পেজেশকিয়ান। ওই সমঝোতার মাধ্যমে ঘোষিত যুদ্ধবিরতিটি তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের অন্যায্য নৌ অবরোধ অব্যাহত রাখার অভিযোগ এনে এটিকে চুক্তি লঙ্ঘন বলে দাবি করে তেহরান।
পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ ভেবেছিল ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতার শাহাদাতবরণের পর ইরানের জনগণ, সামরিক কমান্ডার ও বৈজ্ঞানিক সমাজ মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের বৈরিতা দেশটির অভ্যন্তরীণ সংহতি ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করেছে। ভয়ভীতি, সন্ত্রাস বা হত্যাকাণ্ডের মাধ্যমে বিপ্লবের পথ রুদ্ধ করা যাবে না বলে তিনি সতর্ক বার্তা দেন।
source: Azadir Dak