মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়ে গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা। চারজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও সদস্য। এর মধ্যে একজনকে শেখ হাসিনার অনলাইন কনফারেন্সে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা গেছে। চার কর্মকর্তার পালানোর বিষয়টি এনএসআই সূত্রে নিশ্চিত হয়েছে এশিয়া পোস্ট।
জানা গেছে, গত জুলাই মাসে নতুনদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে আশরাফ হোসেন নামে এনএসআইয়ের একজন ফিল্ড অফিসার পালিয়েছেন। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসির, কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ এবং দুবাই মিশন থেকে যুগ্ম পরিচালক বদরুল পালিয়েছিলেন।
এর মধ্যে নতুনদিল্লির কনস্যুলার শাখার আশরাফ সপরিবারে বাংলাদেশ যাওয়ার কথা বলে নতুনদিল্লি ত্যাগ করেন। তবে তিনি দেশে যাননি; পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে এনএসআইয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে ‘এশিয়া পোস্ট’কে। তিনি এখন পর্যন্ত সরকারি চাকরিবিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্ট করেননি।
আশরাফের যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ভিসা পেতে নতুনদিল্লি মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। সেই নোট ভারবালের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাকে ভিসা প্রদান করে।
একইভাবে নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। তবে তিনি নতুনদিল্লি থেকে নয়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। এর আগে তিনি নতুনদিল্লি থেকে ঢাকায় যান। তার ভিসার জন্যও নতুনদিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল।
এ ছাড়া ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে লন্ডনে চলে যান কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ। সেখানে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে সোচ্চার রয়েছেন। গত ৫ আগস্ট লন্ডনে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তিনি অনলাইনে বক্তব্য দেন। পলাশ ছাত্রজীবনে বুয়েটে ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবাই মিশন থেকে পালিয়েছিলেন যুগ্ম পরিচালক বদরুল। তিনিও এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এই চারজনের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
বিদেশি মিশনগুলোর কনস্যুলারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনও বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্তরা বহাল রয়েছেন। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সহজে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে এসব কর্মকর্তা আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করছেন বলে ভারতের মিশনে দায়িত্বরত একজন বাংলাদেশি কর্মকর্তা ‘এশিয়া পোস্ট’-এর কাছে দাবি করেছেন।
এ বিষয়ে এনএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
source: Asia Post