News

শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত© সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তাঁরা সন্তোষ জানান।

মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button