মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনের অংশেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানিয়েছে বিআরটিএ।
সামনে লাগাতে হবে ম্যানুয়াল নম্বরপ্লেট
এত দিন মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসম্পন্ন রেট্রো-রিফ্লেক্টিভ ডিজিটাল নম্বরপ্লেট ব্যবহার করা হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত নিয়ম মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর করার লক্ষ্যে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত সাজসজ্জা করা যাবে না।
মোটরসাইকেলের ধরন অনুযায়ী নম্বরপ্লেটের মাপও নির্ধারণ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্য সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
১৫ নভেম্বরের মধ্যে স্থাপনের নির্দেশ
বিআরটিএ মোটরসাইকেলের সব মালিককে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও নিয়ম অনুসরণ করে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
source: Azadir Dak