News

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ১৩ মামলার আসামি পিয়ারুল সরদার (৩২) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর রাজবাড়ী সদর উপজেলার সজনকান্দা এলাকায় রতনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি এসে গুলি করে চলে যান। অপরাধীদের শনাক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কী কারণে পিয়ারুলকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button