News

দুর্নীতি মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে দুই ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঁইয়া আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মারিয়াম লাকি বলেন, ‘জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেন আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।’

প্রসিকিউটর লাকি বলেন, ‘দুদকের নতুন আইন অনুযায়ী একটির পর একটি সাজা কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।’

পলাতক এ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমার নোটিস দিলে ২ নভেম্বর তা জমা দেন জহিরুল ইসলাম মানিক। সেখানে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি। একইসঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন ২০২৫ সালের ৬ মার্চ দুদকে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন জাকির হোসেন। গত ২৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আদালত ৫ জনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে রায় দিয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button