News

রয়টার্সের খবর নিয়ে দেশীয় গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর, অভিযোগ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ© সংগৃহীত ও সম্পাদিত
মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশীয় গণমাধ্যমের শিরোনাম ও সংবাদ উপস্থাপনার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তার অভিযোগ, রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনেক গণমাধ্যম এমনভাবে প্রকাশ করেছে, যাতে শেখ হাসিনার মুখপাত্রের বক্তব্যকে তার নিজের বক্তব্য বলে মনে হয়। একই সঙ্গে দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান ও প্রত্যর্পণসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আড়ালে রাখা হয়েছে।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুজন মাহমুদ এসব অভিযোগ করেন। তিনি বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর নিয়ে রয়টার্সের বরাতে দেশীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর এবং মূল প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।
 
সুজন মাহমুদের ভাষ্য, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৬ মিনিটে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়। প্রতিবেদনের প্রথম বাক্যেই শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা তাঁর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সরকার মনে করে শেখ হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরতে পারবেন।
 
তিনি অভিযোগ করেন, দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের বক্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে শিরোনাম পড়ে পাঠকের মনে হতে পারে, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। শিরোনামের শেষে শুধু ‘রয়টার্স’ উল্লেখ করায় বক্তব্যের প্রকৃত উৎসও স্পষ্ট হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
 
সুজন মাহমুদ আরও বলেন, অনেক গণমাধ্যম শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার খবরকে গুরুত্ব দিলেও প্রত্যর্পণের মাধ্যমে ফেরার বিষয়ে সরকারের অবস্থান যথাযথভাবে তুলে ধরেনি। রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যের পাশাপাশি সরকারের অবস্থানও সমান গুরুত্ব পেয়েছে। কিন্তু দেশীয় গণমাধ্যমের শিরোনামে একপক্ষের বক্তব্য প্রাধান্য পাওয়ায় পাঠক পুরো বিষয়টি জানতে পারছেন না বলে দাবি করেন তিনি।
 
রয়টার্সের প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য রয়েছে উল্লেখ করে সুজন মাহমুদ বলেন, শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে, হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরতে পারবেন বলে বক্তব্য দেওয়া হয়েছে। এ ছাড়া উড়োজাহাজে করে দেশে ফেরার অনুরোধের বিষয়ে সরকার কোনো ‘বিভ্রান্তিকর অনুরোধ’ গ্রহণ করবে না বলেও মন্তব্য করা হয়েছে।
 
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়টার্সের প্রতিবেদনে রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক। অন্যদিকে, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল মাসে যে অবস্থান জানিয়েছিল, সেটিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
 
সুজন মাহমুদ তার পোস্টে দেশীয় গণমাধ্যমের শিরোনাম ও সংবাদ উপস্থাপন নিয়ে সমালোচনা করে এটিকে একপক্ষীয় প্রচার বলে মন্তব্য করেন। তাঁর মতে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার খবর প্রকাশের ক্ষেত্রে সরকারের অবস্থান ও প্রতিবেদনের অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তব্য বাদ পড়ায় সংবাদটি অসম্পূর্ণভাবে পাঠকের সামনে এসেছে।
 
পোস্টের শেষাংশে তিনি পুরো বিষয়টিকে ‘স্ট্যান্ডবাজি’ বলে আখ্যা দেন। শেখ হাসিনা নিজে বক্তব্য না দিয়ে তাঁর পক্ষে অন্য একজন কথা বলছেন উল্লেখ করে প্রশ্ন তোলেন, দেশে ফেরার ইচ্ছা প্রকাশের ক্ষেত্রেও কেন বারবার অন্যের মাধ্যমে বক্তব্য সামনে আসছে। এর আগে পাসপোর্টের আবেদন নিয়েও তিনি একই ধরনের প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি, শেখ হাসিনার পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদন করেছিল এবং সেখানে স্বাক্ষর জালিয়াতির বিষয়ও সামনে এসেছিল। এসব ঘটনা উল্লেখ করে তিনি শেখ হাসিনার বক্তব্য ও দেশে ফেরার ইচ্ছা প্রকাশের ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button