ভারতে ৩ বছর কারাবাস শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কাজের সন্ধানে গিয়ে জড়াতে হয় আইনি জটিলতায়। শেষ পর্যন্ত ভারতের কারাগারে কাটাতে হয়েছে টানা তিনটি বছর। দীর্ঘ কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নাগরিক—এক নারী ও এক পুরুষ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নাজমুল হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। অপরজন নয়নতারা (ছদ্মনাম) চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের মো. কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, ভালো কাজের আশায় ভারতে গিয়ে ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করছিলেন তারা। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খন্ড পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশি নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুজনকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
source: The Daily Campus