News
রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আজ রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছ থাকতে চায় নির্বাচন কমিশন। ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতামুক্ত এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটদান নির্বিঘ্ন করতে সংলাপ শুরু হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৫টি দলকে এ সংলাপে আমন্ত্রণ করা হয়েছে।
source: Daily Amar Desh