News

অনুষ্ঠিত হলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন

রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ‘৪র্থ হিফয কনভোকেশন ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, আলেম-উলামা ও দেশি-বিদেশি শিক্ষা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর রূহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচজন শিক্ষার্থী সাইয়েদ মোহাম্মদ আব্দুল্লাহ, এস কে তানজিম আলম জাকি, মাহদি হাসান চৌধুরী, মো রুবিউল হাসান এবং ফাহমিদ শাহরিয়ার তাম্মাম, ইন্টারন্যাশনাল কারিকুলামে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি পবিত্র হিফজুল কুরআন সম্পন্ন করেছে। অনুষ্ঠানে তাদের এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০ জনেরও বেশি শিক্ষার্থীর হিফজুল কুরআন সম্পন্ন করা। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে এবং বর্তমানে সেখানে পড়াশোনা করছে। সাধারণ শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে হিফজ সম্পন্ন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর দ্বীনি শিক্ষার সুযোগ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্র্যান্ড রিসাইটার ও বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নাকিব হায়দার, হ্যালিবার্টন কোম্পানি, যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নাজমুল এইচ গাজী, অক্সফোর্ড এ-কিউ-এ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহীন রেজা এবং নিই হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার মুনাইম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী বলেন, “পবিত্র কুরআন হিফজ করা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্জন। তবে কুরআনের শিক্ষা শুধু মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করাই প্রকৃত সাফল্য। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার এমন উদ্যোগ প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার মুনাইম বিল্লাহ বলেন, “আমরা বিশ্বাস করি, একটি সন্তানের হাতে পবিত্র কুরআনের শিক্ষা এবং আধুনিক জ্ঞান—দুটিই তুলে দেওয়া সম্ভব। রূহ ইন্টারন্যাশনাল স্কুল সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা শুধু হাফেজ বা ভালো ফলাফলকারী শিক্ষার্থী তৈরি করতে চাই না; বরং কুরআনের আলো, নৈতিকতা ও আন্তর্জাতিক মানের শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ২০ জনেরও বেশি শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে এবং চারজন শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে। এই অর্জন আমাদের লক্ষ্য ও প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী আয়োজনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অর্জন, তাদের পরিবার ও শিক্ষকদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়।

উল্লেখ্য, রূহ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রথম ফুল-টাইম হিফজভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুসরণ করে সাধারণ শিক্ষার পাশাপাশি পূর্ণকালীন হিফজুল কুরআন, আরবি ভাষা শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমী শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো—দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও যোগ্যতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button