পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, পালিয়ে গেল চালক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত তরুণীর পরিচয় শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি।
source: The Daily Campus