Bd বাংলাদেশ

কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফেনীর সোনাগাজীতে কেন্দ্রে জয়লাভের পর জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী-৩ আসনের পাইকপাড়া কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মাত্র ২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ভুক্তভোগী বগাদানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাবেদ বলেন, ‘মাত্র ২৫ ভোটে জয়লাভ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়ি ও দোকানে হামলা, মোটরসাইকেল ভাঙচুর করেছে। এছাড়া সোনাগাজীর বগাদানা ইউনিয়ন সভাপতি আবদুল হাইয়ের বাড়িতেও হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। একই কেন্দ্রে জামায়াতের এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান এবং জামায়াত কর্মী নূরে এলাহীর দোকানও ভাঙচুর করা হয়।’

তিনি আরও বলেন, ‘মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর আবদুল নামে এক শিক্ষকের ওপর হামলা করা হয় এবং জামায়াতের কেন্দ্রের এজেন্ট মাসুমের দোকানেও হামলা চালানো হয়। বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের যাকে যেখানে পাচ্ছে মারধর করছে। পুরো এলাকায় বোমা পাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’

স্থানীয়দের অভিযোগ, হামলায় বিএনপির নেতা ইউসুফ ও তুষার, জাবেদ স্বপন ও রুবেল নেতৃত্ব দিয়েছেন। অভিযুক্ত তুষার মুঠোফোনে বলেন, ‘বহিরাগত কারা এসে হামলা করেছে, আমি জানি না।’ আরেক অভিযুক্ত বিএনপি নেতা ইউসুফ বলেন, ‘ফলাফল ঘোষণার সময় বাড়িতে ছিলাম, এখনো বাড়িতে আছি। এ ব্যাপারে কোনো কিছু আমার জানা নেই।’

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হামলা-ভাঙচুরের বিষয়টি জেনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button