Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

অবস্থান অসন্তোষের কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইরানি নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি না পাওয়ায় প্রণালি পার হতে পারছে না।

একই কারণে আরেকটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ সরকার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এক বৈঠকে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটির নিরাপদে প্রণালি অতিক্রমের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনও জানিয়েছে, অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

জাহাজটি বর্তমানে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালি অতিক্রম করার কথা ছিল। তবে দুই দফা চেষ্টা করেও ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটি এখন আটকে আছে।

ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে।

বাংলাদেশ আশা করছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারবে।

সূত্র: বিবিসি বাংলা

 

 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button