হরমুজে অন্তত ৩ কার্গো জাহাজে হামলা, যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তেহরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
হরমুজ প্রণালিতে বুধবার একদিনে অন্তত তিনটি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
ওমানের উত্তর-পূর্ব উপকূলে একটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে বন্দুক এবং রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ওপরের অংশ (ব্রিজ) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউকেএমটিও-র তথ্য অনুযায়ী, তিন সদস্যের একটি ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) 'গানবোট' জাহাজটির কাছে গিয়ে সরাসরি হামলাটি চালায়। তবে এই ঘটনায় জাহাজে কোনো আগুন লাগেনি এবং সব ক্রু সদস্যই নিরাপদ রয়েছেন।
গ্রিক পরিচালিত ওই জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, হামলার আগে কোনো ধরনের রেডিও সতর্কবার্তা দেওয়া হয়নি। অথচ শুরুতে তাদের জানানো হয়েছিল যে ওই পথ দিয়ে যাওয়ার অনুমতি রয়েছে।
ইউকেএমটিও পরবর্তীতে জানায়, ইরানের পশ্চিম উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি পানামার পতাকাবাহী এবং আরেকটি লাইবেরিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়েছে। এর মধ্যে একটি জাহাজ সাগরের মাঝখানে দাঁড়িয়ে পড়লেও কোনোটিতেই নতুন করে ক্ষয়ক্ষতি হয়নি এবং সব নাবিকরা নিরাপদে আছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

