Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত রয়েছে।

অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button