এসএসসির ফলের ওপর নির্ভর করে ভবিষ্যতের যেসব সুযোগ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন লাখো শিক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার ফল নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ কাজ করে। তবে এই ফল শুধু একটি পরীক্ষার ফল নয়। বাংলাদেশের বাস্তবতায় পরবর্তী শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন ধাপে এর গুরুত্ব রয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। আগামী ২০ জুলাইকে লক্ষ্য করে ফল প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শিক্ষাবিদেরা বলছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পরবর্তী শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে কাঙ্ক্ষিত ফল না এলেই শিক্ষার্থীদের হতাশ হওয়ার কারণ নেই। নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অন্য দক্ষতা অর্জন ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব।
একাদশে ভর্তিতে গুরুত্বপূর্ণ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থী পরবর্তী ধাপে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন। বর্তমানে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়।
এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ ও মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম তৈরি করা হয়। এরপর শিক্ষার্থীর পছন্দের তালিকা ও ফলাফলের ভিত্তিতে অগ্রাধিকার অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়।
অর্থাৎ, ফলাফল যত ভালো হবে, পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগও তত বেশি থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষার্থীর ফলাফলের মাধ্যমে তার কোন বিষয়ে আগ্রহ, কোথায় ভালো করছে এবং কোন জায়গায় দুর্বলতা রয়েছে এসব প্রবণতা বোঝার চেষ্টা করা হয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও প্রয়োজন
উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলও গুরুত্বপূর্ণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই পরীক্ষার ফলাফল বা জিপিএর ওপর নির্দিষ্ট নম্বর যুক্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সাড়ে ৭ থাকা প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা মেডিকেল কলেজে ভর্তির আবেদনের ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ১০ থাকার শর্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মৌলিক শিক্ষার ভিত্তি তৈরি হয়। একই সঙ্গে তারা স্কুলজীবন শেষ করে কলেজজীবন ও উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ পায়।
বৃত্তি ও কারিগরি শিক্ষায়ও কাজে লাগে
এসএসসি পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বৃত্তি পেয়ে থাকেন। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে চান। তাদের জন্য দেশে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার সুযোগ রয়েছে। তবে এসব ক্ষেত্রেও এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের শর্ত থাকে।
নিয়ম অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ প্রয়োজন হয়। কোর্সভেদে এই শর্ত কমবেশি হতে পারে।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে সামগ্রিক জিপিএর পাশাপাশি গণিতেও নির্দিষ্ট জিপিএ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে সাধারণ ও কোটাভেদে শর্তের পার্থক্যও থাকতে পারে।
চাকরির ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে
শিক্ষাজীবনের মতো কর্মজীবনে এসএসসি পরীক্ষার ফলাফলের সরাসরি প্রভাব তুলনামূলকভাবে কম। তবে নির্দিষ্ট কিছু চাকরি ও পেশায় এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রয়োজন হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ফলাফলের শর্ত থাকে। বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে এই শর্ত ভিন্ন হতে পারে।
তবে বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় নির্দিষ্ট কোনো ন্যূনতম ফলাফল থাকা বাধ্যতামূলক নয়। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসির নির্দিষ্ট ফল চাওয়া হয়নি। তবে বলা হয়েছে, কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
মৌলিক শিক্ষার প্রমাণপত্র
বাংলাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবেও এসএসসি সনদ গুরুত্বপূর্ণ।
বিশেষ করে বিভিন্ন ধরনের চাকরি, লাইসেন্স ও সনদের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ প্রয়োজন হতে পারে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন চাকরিতে আবেদন বা পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও এসএসসি ফলাফল কাজে লাগে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, এসএসসি সনদ থাকলে কাগজে-কলমে একজনের মৌলিক শিক্ষার প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে বাস্তবে সে কতটা শিক্ষা অর্জন করেছে, সেটি আলাদা বিষয়।
বাংলাদেশের বৈদেশিক আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী কর্মীরা। তাদের অনেকেই শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কাজ করেন। তাদের জন্যও এসএসসি বা সমমানের সনদ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে কাজে লাগে।
অধ্যাপক রহমান বলেন, এই সনদ একজন কর্মীর প্রাথমিক প্রবেশের সুযোগ তৈরি করে। একই সঙ্গে তিনি যে শিক্ষিত, সেটিও প্রমাণ করতে পারেন।
ফল খারাপ হলেও হতাশ হওয়ার কারণ নেই
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না এলে অনেক শিক্ষার্থী মানসিক চাপে পড়েন। বিশেষ করে এটি অনেকের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হওয়ায় ফল নিয়ে উদ্বেগও বেশি থাকে।
সব শিক্ষার্থী একই পরিবেশ ও পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারেন না। শারীরিক, পারিবারিক ও পারিপার্শ্বিক নানা কারণে অনেকের পরীক্ষাও ভালো নাও হতে পারে।
শিক্ষাবিদেরা বলছেন, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের হতাশ বা নিরুৎসাহিত হওয়া উচিত নয়। পরবর্তী শিক্ষাজীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে।
অধ্যাপক মো. আবদুস সালাম বলেন, এসএসসিতে খারাপ ফল করেও অনেকে এইচএসসিতে ভালো ফল করেন। আবার এসএসসিতে ভালো ফল করলেও পরবর্তী জীবনে সবাই সফল হন না।
তিনি বলেন, ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা উচিত নয়। পরীক্ষার ফল নিয়ে অতিরিক্ত চাপ অনেক সময় তাদের নেতিবাচক আচরণের দিকে ঠেলে দিতে পারে। কাঙ্ক্ষিত ফল না এলেও শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। অভিভাবকদেরও তাদের পাশে থাকতে হবে।
শিক্ষাবিদেরা মনে করেন, নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রমের বাইরের নানা কার্যক্রমে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা এবং বিভিন্ন দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে সুবিধা দিতে পারে।
এমনকি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও পাঠ্যক্রমের বাইরের কার্যক্রম ও নানা ধরনের দক্ষতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ফলে এসএসসি পরীক্ষার ফল পরবর্তী শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ হলেও এটিই একজন শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। কাঙ্ক্ষিত ফল না এলেও পরবর্তী সময়ে পরিশ্রম, দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সাফল্যের পথ তৈরি করা সম্ভব।
source: The Dhaka Diary

