Uncategorized
৩৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল বারবার পেছানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বোন মাসুমা হাদি। তার অভিযোগ, তদন্ত ও বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করে প্রকৃত খুনি ও হত্যার পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চলছে। এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন দ্রুত বিচার নিশ্চিত করা না হলে জনগণকে নিয়ে রাজপথে লড়াই করে হাদি হত্যার বিচার আদায় করা হবে।
আজ রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ওসমান হাদি হত্যা মামলার তদন্ত ১৮ বার পেছানোর প্রেক্ষাপটে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও পরবর্তী করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাসুমা হাদি।
লিখিত বক্তব্যে মাসুমা হাদি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন পর গুলি করে হত্যা করা হয়। তার ভাষ্য, সব তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি বা করেনি। ফলে খুনিরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে নিরাপদে অবস্থান করছে।
মাসুমা হাদি বলেন, হত্যাকাণ্ডের সাত মাস বা ২১৮ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দাখিল হয়নি। এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৮ বার পেছানো হয়েছে। এতে তারা আশঙ্কা করছেন, বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করে প্রকৃত খুনি ও হত্যার পেছনের পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘আমি ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এরই মধ্যে বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে তদন্ত প্রতিবেদন বারবার পেছানোর বিষয়টি জানিয়ে স্মারকলিপি দিয়েছি।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে মাসুমা হাদি উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ পর্যন্ত ১৮ বার পেছানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি। পরে বিএনপি সরকার গঠনের পর দ্রুত বিচার হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু সরকার গঠনের ১৫২ দিন বা পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়নি।
স্মারকলিপিতে তিনি বলেন, ‘বিচারকে দীর্ঘায়িত করে কোনো কুচক্রী মহল খুনি ও প্রকৃত অপরাধীদের আড়াল করতে এই অপচেষ্টা করছে’—এমন আশঙ্কা করছেন তারা।
মাসুমা হাদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৬-এর মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের দাবি জানান। একই সঙ্গে খুনি, প্রকৃত অপরাধী ও হত্যার পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে মাসুমা হাদি বলেন, তার ভাই হত্যার সাত মাস পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এতে পরিবারের সদস্যরা মর্মাহত ও ভারাক্রান্ত। বিচারকে দ্রুত এগিয়ে নিতে আইনমন্ত্রীর কার্যকর ভূমিকা চান তিনি।
তিনি বলেন, ‘যারা আমার ভাই শরিফ ওসমান বিন হাদিকে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করেছে, সেই খুনি ও হত্যার পরিকল্পনায় জড়িত কুশীলবদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করা হোক।’
মাসুমা হাদি আরও বলেন, প্রধানমন্ত্রীকেও এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। বর্তমান সরকার তার ভাই হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে বলে তারা বিশ্বাস করতে চান। যাতে ভবিষ্যতে কোনো দুষ্কৃতকারী দেশপ্রেমিক কোনো বিপ্লবীকে হত্যার দুঃসাহস না পায়।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৬-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে, বোন হিসেবে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশপন্থী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই করে হাদি হত্যার বিচার আদায় করবেন।
source: The Dhaka Diary