Uncategorized
টানা শিরোপার মিশনে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে দুই পরিবর্তন

কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। মেগা ফাইনালে লিওনেল মেসির দল মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ফাইনালের আগে আর্জেন্টিনার মূল আলোচনায় কোচ লিওনেল স্কালোনির কৌশল ও শুরুর একাদশ। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একাদশের দুটি জায়গা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন স্কালোনি।
পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও নিজের পরিকল্পনা নিয়ে কোনো আগাম ইঙ্গিত দেননি আর্জেন্টাইন কোচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পারফরম্যান্স এবং দলের ভেতরের তথ্য অনুযায়ী, ডান প্রান্তের দুই পজিশন নিয়ে ‘মধুর’ সমস্যায় পড়েছেন তিনি।
রক্ষণে ডান দিকে নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়েলের মধ্যে লড়াই চলছে। এই বিশ্বকাপে মলিনার ওপরই বেশি আস্থা রেখেছেন স্কালোনি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের আক্রমণের সামনে কিছুটা নড়বড়ে ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার। ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার প্রান্ত ব্যবহার করে।
অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেন রিভার প্লেটের মন্টিয়েল। সেই পারফরম্যান্সের কারণে ফাইনালে মলিনার চেয়ে মন্টিয়েল কিছুটা এগিয়ে আছেন বলে মনে করছে টিওয়াইসি স্পোর্টস।
মাঝমাঠের ডান প্রান্তেও রয়েছে প্রশ্ন। সেমিফাইনালে হুলিয়ান সিমিওনেকে শুরুতে খেলানোয় একাদশে জায়গা হারিয়েছিলেন রদ্রিগো ডি পল। তবে বদলি হিসেবে নেমে ম্যাচের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দলের ওপর ডি পলের প্রভাব এবং বড় ম্যাচে তার আগ্রাসী ভূমিকার কারণে ফাইনালে আবারও শুরুর একাদশে ফিরতে পারেন তিনি। সে ক্ষেত্রে সিমিওনেকে জায়গা ছাড়তে হতে পারে।
শেষ মুহূর্তের অনুশীলনে ১৩টি প্র্যাকটিস বিব বিতরণ করা হয়। রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসোও একটি বিব পেয়েছেন। তবে তাঁর মূল একাদশে থাকার সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাঁকে কৌশলগত বদলি হিসেবে ব্যবহার করতে পারেন স্কালোনি।
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; হুলিয়ান সিমিওনে/রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
source: The Dhaka Diary