প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনাব মো: রাশেদ খাঁন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”
অন্যদিকে, এ দায়িত্ব্ পেয়ে অনুভূতি প্রকাশ করে রাশেধ খাঁন নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে।”
তিনি আরও বলেন, “যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
source: The Dhaka Diary

