বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরই ফরিদপুর জেলা বিএনপি এই কঠোর ব্যবস্থা নেয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের কোনো নেতাকর্মীকে তাঁর সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে জেলা জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনা তৈরি হলে তদন্ত সাপেক্ষে দলের নৈতিক স্খলনজনিত অপরাধের ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টির সত্যতা যাচাই শেষে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির জরুরি সভায় তাঁর বিরুদ্ধে এ বহিষ্কারের আদেশ চূড়ান্ত হয়। এ বিষয়ে ওবায়দুর রহমানের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
source: Azadir Dak

