রাজনীতি

বিএনপির সামনে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি ও তারেক রহমানের সামনে একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ এসেছে। তিনি দারিদ্র্য, মূল্যস্ফীতি, অর্থ পাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়নের দাবি তোলেন। বিরোধী শক্তিগুলোকে সতর্ক করে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয় যা পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সুযোগ করে দেয়।

রোববার বিকেলে সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে কালের দাবি কার্যালয়ে তাকে নিয়ে রচিত সংকলন ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। পরে তার জন্মদিনের কেক কাটা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, অধ্যাপক সলিমুল্লাহ খানসহ আরও অনেকে।

বক্তারা সাইফুল হককে বাংলাদেশের আদর্শনিষ্ঠ রাজনীতির অন্যতম প্রতীক আখ্যায়িত করে বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি গণতন্ত্র, শ্রমিক-কৃষকের অধিকার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা রেখে আসছেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button