বিশ্ব

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইসরাইল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে খামেনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান।’

একাধিক পোস্টে খামেনি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, সংগঠনটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহ ও ইসরাইলি হামলার প্রধান লক্ষ্যবস্তু দক্ষিণ লেবাননের জনগণের প্রতিও সমর্থন জানান।

তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এই নিপীড়িত কিন্তু শক্তিশালী মুজাহিদিনদের (হিজবুল্লাহ যোদ্ধাদের) রক্ষা করাকে তার কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ এবং নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর খবরের মধ্যেই খামেনির এই বক্তব্য এলো।

তেহরান বারবার বলে আসছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের অবসানের শর্ত হিসেবে ইসরাইলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে। জুন মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারাতেই এই দাবি অন্তর্ভুক্ত করেছিল ইরান।

তবে হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধের জেরে ওই সমঝোতা পরে ভেঙে যায়।

সূত্র: আলজাজিরা

আরএ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button