Bd বাংলাদেশ

তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়া আলোচিত কবির হোসেনের ইন্তেকাল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন কৃষক। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কৃষকের জীবন-বাস্তবতা মানুষের সামনে উপস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক ও পরিচিত মুখকে হারালো।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button