শহীদ ইয়ামিন ও শ্রাবনের কবর জিয়ারতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাভারের দুই শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শ্রাবন গাজীর কবর জিয়ারত করেছেন সদ্য নিয়োগ প্রাপ্ত ডিপুটি অ্যাটর্নি জেনারেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
আজ বৃহস্পতিবার তিনি পৃথকভাবে দুই শহীদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পেয়েছে। শহীদদের পরিবারকে রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শ্রাবন গাজী ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। সাভারে ৩৬ জুলাই আন্দোলনে তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় শহীদদের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
source: Barta Bazar