News

বহিষ্কৃত সেই শিক্ষার্থী নিজেদের কর্মী নয়, দাবি ঢাবি শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে বহিষ্কৃত এক শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটির দাবি, ওই শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিবাদটি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে বহিষ্কৃত এক শিক্ষার্থীকে বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কর্মী হিসেবে প্রচার করা হয়েছে। অথচ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বারবার স্পষ্টভাবে জানানো হয়েছে- ওই শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এ ধরনের তথ্য পরিবেশনকে ‘হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত মিথ্যাচার, বানোয়াট তথ্য পরিবেশন ও হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব ধরনের নির্যাতন, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষার্থীর ওপর শারীরিক হামলা করলে তার বিরুদ্ধে সংগঠনটির অবস্থান স্পষ্ট। কোনো শিক্ষার্থীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকেও তারা সম্মান করে।

যদিও সাম্প্রতিক সময়ে শাহবাগ থানা প্রাঙ্গণ, শহীদুল্লাহ হল, মহসিন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় ডাকসু নেতৃত্ব, হল সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা আহত হওয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনার ‘স্পষ্ট ভিডিও ফুটেজ’ থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রতা ও বিচার নিশ্চিত না করার মনোভাব ‘ফ্যাসিবাদী আমলের নীলনকশাপনা ও দলীয় দাসত্বকেই স্মরণ করিয়ে দেয়’।

এ ধরনের বক্তব্যের মাধ্যমে ক্যাম্পাসে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত কালক্ষেপণ না করে ক্যাম্পাসে সংঘটিত প্রতিটি হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button