পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চলতি অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, নতুন বেতনকাঠামো এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে। আজ রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দেওয়া হয়। কিন্তু গত সরকার ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, বর্তমানে প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে বলেও জানান মুখ্য সচিব। তিনি বলেন, বর্তমানে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে এসব সংকট মোকাবিলা করতে হবে। জ্বালানি সংকটকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যদিও এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে।
এদিকে জনপ্রশাসন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাদের মেয়াদ বাড়ানো হবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে—এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।
২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।
সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়। আর সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
source: The Daily Campus