News

তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করে বর্ষার পানি ধরে রাখা হবে। পাশাপাশি তিস্তার সঙ্গে যুক্ত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বর্ষা শেষে শুকনো মৌসুমেও যেন তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়তলা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তিস্তার উজান থেকে যদি শুষ্ক মৌসুমে পানি না পাই, প্রতিবেশী দেশ যদি পানি না দেয়, তাহলে আমাদের পানি ধরে রাখতে হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার যাওয়া-আসার পথে হাসপাতাল পরিদর্শন করবো। যে কাজগুলোর দায়িত্ব দিয়েছি, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবো। হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বেশি, তাই শীঘ্রই জনবল সংকটের বিষয়টি সমাধান হবে।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনগুলোতে চিকিৎসাসেবা দেওয়ার জায়গা সংকট রয়েছে। নতুন ভবনগুলো যেন দ্রুত নির্মাণ কাজ শেষে হয় সেই চেষ্টা করা হচ্ছে।

এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ আইকে

source: Barta Bazar

Leave a Reply

Back to top button