আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ওয়াজ ও মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে আমির হামজাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) আহত ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব দাবি জানান রাশেদ খান।
রাশেদ খান বলেন, ‘সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সঙ্গে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক—সেই দাবি করছি আমি। আমির হামজা কুষ্টিয়ায় যে ধরনের দ্বন্দ্ব-সংঘাত বা সন্ত্রাসের ঘটনা ঘটুক না কেন, সেটার দায় কিন্তু আমির হামজার।’
তিনি বলেন, ‘আমির হামজা যে ধরনের বক্তব্য দিয়েছিল, গণঅধিকার পরিষদে নুরুল হক নূর ছাড়া আর কোনো নেতা নেই। আর আমার বিষয়ে এর আগে ওয়াজ মাহফিলে কটূক্তি করেছিল বা মন্তব্য করেছিল। সর্বশেষ যেহেতু নুরুল হক নূর এবং আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এমনকি মসজিদের খুতবা দিতে গিয়েও।’
রাশেদ খান প্রশ্ন তুলে বলেন, ‘একজন আলেম কি মসজিদের খুতবা দিতে গিয়ে এ ধরনের সমালোচনা করতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে? সেখানে তিনি আল্লাহর কথা বলবেন, রাসুলের কথা বলবেন, তিনি ইসলামের কথা বলবেন। কিন্তু সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সঙ্গে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক। সেই দাবি করছি আমি। কারণ সে ইসলামের কথা বলছে না। সে বরং এই ধরনের বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টি করছে।’
রাশেদ খান এ সময় আমির হামজাকে গ্রেপ্তারের দাবিও জানান।
এর আগে গত শনিবার কুষ্টিয়া শহরের সাড়েষাট রাস্তা মোড় এলাকায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ থেকে ১৫ জন আহত হন। এ সময় সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়।
source: The Daily Campus