News

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন মির্জা ফখরুল

আবেগাপ্লুত মির্জা ফখরুল ইসলাম আলমগীর© সংগৃহীত
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
 
সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দিতে বলেন। 
 
জানা যায়, সভায় স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি  সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সদস্যদের কাছে তিনি মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান। 
 
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, চিফ হুইপ নুরুল ইসলাম মনির পর বক্তব্য দিতে দাঁড়ান বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এই নেতা। শ্রদ্ধায় স্মরণ করেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানান  বেগম খালেদা জিয়া প্রতি। এরপর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
 
বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।
 
সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে চার-পাঁচবার কেঁদেছিলেন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।
 
উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
 
ইসি সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।
 
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। ইসি সচিব জানান, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করে বেশি ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশনে ফিরে ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হবে।
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button