News

মাকে ধর্ষণের পর হত্যা, শিশুকে ফেলে দেওয়া হয় আড়িয়াল খাঁ নদে

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তাঁর এক বছরের শিশুসন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নিলখী এলাকায় শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ ও নৌ–পুলিশ।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামাল হোসেন, ওসি, শিবচর থানা, মাদারীপুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট বেলা ১১টার দিকে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় একটি জঙ্গলে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধারের পর ওই নারীর পরিচয় শনাক্ত করে। তাঁর বাড়ি নাটোর জেলার লালপুর থানা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শিবচর থানায় মামলা করেছেন নিহত নারীর বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এই দম্পতির একমাত্র সন্তান ছিল আবির। ওই নারীর স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে পরিচয় হয় শিবচরের বাখরেরকান্দি এলাকার ফারুক মোল্লার সঙ্গে। ফারুকের বাড়িতে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরে তাঁর লাশ জঙ্গলে ও শিশুসন্তানকে ফেলে দেওয়া হয় আড়িয়াল খাঁ নদে।

এর মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ ও র‍্যাব-৮। তাঁর কাছ থেকে ওই নারীর ব্যবহৃত মালা, ওড়না এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এর পর থেকেই নদীতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পাঁচ দিন পর শিশুটির লাশ উদ্ধার করা হলো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button