News

‘মবের অপসংস্কৃতি’ শক্ত হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ© প্রতিনিধি

দেশে তৈরি হওয়া ‘মবের অপসংস্কৃতি’ সরকার কঠোর হস্তে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন, “মব কিংবা গণপিটুনির মতো ঘটনা প্রতিরোধে আলাদা কোনো নতুন আইনের প্রয়োজন নেই। দেশের বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পূর্ণ সুযোগ রয়েছে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া ও তথাকথিত মব জাস্টিস প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মবের ঘটনার জন্য আলাদা কোনো আইনের দরকার নেই, প্রচলিত সাধারণ আইনেই এর প্রতিকার সম্ভব।”

তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত সজাগ ও সচেতন রয়েছি। দেশে মবের যে অপ’সংস্কৃতি গড়ে উঠেছিল, তা শক্তভাবেই মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ।”

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। প্রচলিত আইনি কাঠামোর সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়েই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এর আগে মন্ত্রী সিলেট বিজিবি সেক্টরে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর শুভ উদ্বোধন করেন। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি মাদক মামলায় আসামিদের খালাস প্রসঙ্গ, মাদক নির্মূলে নতুন আইনি উদ্যোগ এবং আন্তর্জাতিক সীমান্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button