সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে

নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাপসাাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এদিন সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রতিমন্ত্রী ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। আহত প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সঙ্গে থাকা স্ত্রী সুস্থ আছেন।
এদিকে দুর্ঘটনায় আহত এক পথচারী নারী ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পথচারী নারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
source: The Daily Campus