News

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

প্রতীকী ছবি© ঢাকা ডায়েরি সম্পাদিত
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত নিবেদন ও সানুগ্রহ সম্মতি চেয়েছেন কক্সবাজার-১ আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।
 
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
 
প্রস্তাবে উল্লেখ করা হয়, বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। তবে বর্তমানে এ ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউবিইএসটি’ প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
 
একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং পৃথক অবকাঠামোর প্রয়োজন হয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ এবং উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করার পরিকল্পনা করা হয়েছে।
 
প্রস্তাবে বলা হয়, বিওআরআই ইতোমধ্যে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজারে সুপ্রতিষ্ঠিত। ফলে এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই একটি গবেষণামুখী, ব্যবহারিক এবং বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা সম্ভব হবে।
 
বিশ্ববিদ্যালয়টির প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য (ডেটা) এবং পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়গুলোতে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করার প্রস্তাব করা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। অন্যদিকে দেশের উদীয়মান ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর ও যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে উঠবে।
 
এমতাবস্থায়, বিওআরআইয়ের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি ও সুদৃষ্টি কামনা করা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button