আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দিচ্ছে সরকার

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রাথমিকভাবে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের মাধ্যমে এসব উন্নয়নকাজের জন্য এক কোটি টাকা দেওয়া হবে। এ অর্থ দিয়ে বাড়িতে ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।
মীর শাহে আলম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তিনি জানান, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ ও আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চায় সরকার। এক কোটি টাকার উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উত্তরাঞ্চলের মানুষের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান মীর শাহে আলম। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary