বাবার শেষ বিদায়ে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যেই তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ দাবি করেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন।
স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তায়্যেবেহ মাহরুযাদেহ বলেন, ওই রাতে তিনি মোজতবা খামেনিকে নিজের চোখে দেখেছেন। তার দাবি, তখন মোজতবা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিলেন।
তায়্যেবেহ মাহরুযাদেহ বিশিষ্ট রাজনীতিক গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুতে আলি খামেনির বাসভবন ও দপ্তরে হামলার ঘটনায় জাহরা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফনের সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। কারণ দাফন ও শোকানুষ্ঠানের প্রকাশিত সরকারি বা দাপ্তরিক ভিডিওতে তাকে দেখা যায়নি। এর পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার বিভিন্ন নির্দেশনাও লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে।
তবে শাশুড়ির দাবির সমর্থনে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানের সরকারি ও সংশ্লিষ্ট কয়েকটি মহল থেকে মোজতবা খামেনির সুস্থতার দাবি করা হয়েছে।
সূত্র: ইরানওয়্যার
source: Azadir Dak