News

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে বিতর্কিত নৃত্যানুষ্ঠান আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

জানা যায়, উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ ও ৪ অক্টোবর এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হলেও, অভিযোগ উঠে যে মিলাদ শেষে একই মঞ্চে নাচ-গানের আয়োজন করা হয়। এ সময় পবিত্র কোরআন শরিফের ছবিসংবলিত দোয়ার ব্যানারটি মঞ্চেই টাঙানো ছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি এই কর্মসূচির আয়োজন করেছিলেন। তিনি নিজেকে বিএনপির পদধারী কোনো নেতা নন দাবি করে জানান, দলীয় কোনো স্তরের অনুমতি ছাড়াই তিনি নিজ উদ্যোগে এটি করেছিলেন।

এদিকে ঘটনাটিকে বিতর্কিত হিসেবে আখ্যা দিয়ে দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, ইউপি সদস্য শাহিন মোল্লা বিএনপির প্রাথমিক সদস্যও নন। সম্পূর্ণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান করায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই কর্মসূচির জন্য পুলিশ প্রশাসন থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। অনলাইনে ভিডিও ভাইরাল ও বিতর্কের সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেয়।

source: Azadir Dak

Back to top button