সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে দুটি হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, এতে তিনজন সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দর স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
জিএসিএ’র তথ্যানুযায়ী, জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর-দুটির স্থাপনাই হামলার লক্ষ্য ছিল। জরুরিসেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার পরপরই নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেয়। ক্ষয়ক্ষতির পরিমাণও পর্যালোচনা করা হচ্ছে।
সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। তবে একই সময়ে ইয়েমেনের হুতি আন্দোলন সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
হুতিদের দাবি অনুযায়ী, জাজান ও নাজরানের পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিগে আরামকোর একটি স্থাপনা এবং কয়েকটি সামরিক অবস্থানও লক্ষ্যবস্তু ছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সাম্প্রতিক সংঘাতের তীব্রতার মধ্যেই এই হামলা হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর হুতিরাও সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।
এআর
source: Barta Bazar